ব্রাজিল ফুটবল দলের তারকা খেলোয়াড় নেইমারের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ব্রাজিলপ্রবাসী বাংলাদেশি রবিন মিয়ার। সম্প্রতি নেইমার ও তার বাবা নেইমার সিনিয়রের কাছ থেকে তিনটি পার্সোনালাইজড জার্সি এবং ব্রাজিলের প্রথম পর্বের তিনটি ম্যাচের টিকিট উপহার পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে সেই জার্সিগুলোর একটি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের গায়ে দেখা যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। বিশ্বকাপে ব্রাজিল ও মরক্কোর ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন সাকিব। সেখানে তার পরনে ছিল নেইমারের স্বাক্ষর করা একটি ব্রাজিল জার্সি।
জানা গেছে, বিষয়টি নিয়ে মজাও করেছিলেন সাকিব। দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা সমর্থক হিসেবে পরিচিত এই অলরাউন্ডার নাকি বলেছিলেন, ব্রাজিলের জার্সি পরে ছবি তুলে ফেসবুকে ‘পল্টি’ লিখে পোস্ট দেবেন।
ম্যাচ চলাকালে সাকিবের পাশে ছিলেন রবিন মিয়াও। পরে দুজনের একটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন রবিন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ভাই কি আসলেই পল্টি মারলো?’
যদিও পোস্টে তিনি সরাসরি উল্লেখ করেননি যে জার্সিটি তিনিই সাকিবকে দিয়েছেন। তবে জার্সিতে থাকা নেইমারের স্বাক্ষর এবং এর আগে রবিন মিয়ার প্রকাশ করা জার্সির সঙ্গে মিল থাকায় অনেকেই ধারণা করছেন, সাকিবের পরা জার্সিটিই ছিল নেইমারের উপহার দেওয়া জার্সিগুলোর একটি।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবল ও ক্রিকেটভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। বিশেষ করে দীর্ঘদিনের আর্জেন্টিনা সমর্থক সাকিবকে ব্রাজিলের জার্সিতে দেখে অনেকেই মজার মন্তব্য করছেন।