বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতির খবরে দেশের রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে মন্তব্য করেছেন সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর ইলিয়াস হোসাইন। তিনি দাবি করেছেন, লন্ডনে অবস্থান নেওয়ায় তারেক রহমান বা বিএনপি—কোনোটাই লাভবান হচ্ছে না। দলের ভেতরে ‘মীরজাফরদের’ সরিয়ে দিয়ে তিনি যেন দেশে ফিরে নেতৃত্ব দেন—এমন আহ্বানও জানান তিনি।
শনিবার (২৯ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে ইলিয়াস হোসাইন লিখেছেন, “যতটুকু জানলাম খালেদা জিয়াকে নিয়ে আর কোনো আশা দেখছেন না চিকিৎসকেরা। এখন মহান আল্লাহ যদি ওনাকে ফিরিয়ে দেন—সেটাই অলৌকিক হবে। সম্ভবত তারেক রহমানও খবরটি জানেন, কিন্তু তার দেশে ফেরার কোনো প্রস্তুতি এখনো দেখছি না।”
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, “আপনি লন্ডনে থাকলে আপনার কিংবা আপনার দলের কোনো ক্ষেত্রেই ভালো হচ্ছে না। দেশে ফিরে আসুন, যারা মীরজাফরের ভূমিকা রাখছে তাদের পরিস্কার করুন। দেশের হাল ধরুন। আপনার জন্য হাজার-হাজার কর্মী জীবন দিতে প্রস্তুত। তারপরও ভয় কিসের?”
তারেক রহমানকে অভয় দিয়ে ইলিয়াস বলেন, “আপনি দেশে গেলে কে মেরে ফেলবে আপনাকে? প্রয়োজনে আপনার স্ত্রী-মেয়েকে লন্ডনে রেখে আসুন। দেশে ফিরে নেতৃত্ব দিন। সময় খুব সীমিত।”
বিএনপি নেত্রী খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। মেডিকেল বোর্ড জানিয়েছে, তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা ছাড়া উপায় নেই। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের সর্বশেষ বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা হাসপাতালে গিয়ে তাকে দেখে আসেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিয়াস হোসাইনের এ মন্তব্য নিয়ে ইতোমধ্যেই আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কেউ এটিকে বাস্তবতা তুলে ধরা মন্তব্য বলছেন, আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিক সংবেদনশীল সময়কে আরও উত্তপ্ত করতে পারে। তবে পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে এবং বিএনপি সমর্থক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
