ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-১৭ আসনে রাজধানীর গুলশানে ভোট দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তিনি গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচনের দিন নির্ধারিত সময় অনুযায়ী তারেক রহমান ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেবেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
ঢাকা-১৭ আসনে এবারের নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এই আসনে একাধিক রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারেক রহমানের ভোটদানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে আসার পর তারেক রহমানের সরাসরি ভোটদানের বিষয়টি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে করে ভোটারদের অংশগ্রহণ বাড়বে এবং নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।