বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সারাদেশে জনগণকে সঙ্গে নিয়ে শুকরানা নামাজ আদায় করা হবে এবং কোথাও কোনো সহিংসতা বা বিশৃঙ্খলা দেখা যাবে না।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি নির্বাচনের পর সম্ভাব্য পরিস্থিতি নিয়ে নিজের এই মূল্যায়ন তুলে ধরেন।
ফেসবুক পোস্টে সাদ্দাম লেখেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে কাউকে একটি ফুলের টোকাও দেওয়া হবে না। দেশজুড়ে চাঁদাবাজি, সন্ত্রাস, ধর্ষণ, দখলদারি ও দুর্নীতি বন্ধ হয়ে যাবে। সরকারি অফিস-আদালতে ঘুষ ছাড়াই নাগরিক সেবা পাওয়া যাবে। ভেঙে যাবে সিন্ডিকেট, নিয়ন্ত্রণে আসবে দ্রব্যমূল্য। নারীরা নিরাপদ ও স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন বলেও দাবি করেন তিনি।
অন্য রাজনৈতিক দলগুলোর বিষয়ে মন্তব্য করে তিনি লেখেন, তারা ক্ষমতায় এলে জয়ের দিন রাত থেকেই সড়ক অবরোধ করে বিজয় মিছিল শুরু হবে। বিরোধী মতের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও দখলদারির ঘটনা ঘটতে পারে। দলীয় কোন্দলে নিজ দলের পাশাপাশি বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা এমনকি হত্যার ঘটনাও ঘটার আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ ছাড়া তিনি দাবি করেন, ক্ষমতায় গেলে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি শুরু হবে, সন্ত্রাস ছড়িয়ে পড়বে এবং দুর্নীতি ও ঘুষ সর্বত্র বিস্তার লাভ করবে। ক্যাম্পাসে হল দখল, মাদক সিন্ডিকেট, টেন্ডার বাণিজ্য, ভিন্নমতাবলম্বী ছাত্র সংগঠনগুলোর ওপর নির্যাতন ও ক্যাম্পাসছাড়া করার ঘটনাও ঘটতে পারে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি টাকা পাচার ও ব্যাংক লুটের আশঙ্কার কথাও তুলে ধরেন।
পোস্টের শেষাংশে তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে লেখেন, “আপনি কেমন দেশ দেখতে চান—এখন সিদ্ধান্ত আপনার হাতেই।”
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচন উপলক্ষে বুধবার (১১ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।