হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নিজেই উপস্থিত হন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ ঘটনা ঘটে।
জানা যায়, সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে স্মৃতিচারণ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে হেফাজত সংশ্লিষ্টরা তা ‘মিথ্যাচার ও কটূক্তি’ বলে অভিযোগ করেন। এর প্রতিবাদে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়।
সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েব আমির আজম খান, হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা শরীফুল্লাহ, মাওলানা রাশেদ বিন ও পল্টন জোনের সেক্রেটারি মাওলানা ইমরানুল বারী সিরাজীসহ বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন। বক্তারা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
সমাবেশ চলাকালে হঠাৎ মসজিদের ভেতর দিক থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী সেখানে উপস্থিত হন এবং দুঃখ প্রকাশ করে বক্তব্য দেওয়ার আগ্রহ জানান। উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে আয়োজকরা সমাবেশ সংক্ষিপ্ত করে মিছিল শুরু করেন। পরে গণমাধ্যমে তিনি আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এবং ফেসবুকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার কথা জানান।