ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এবারের নির্বাচনে ভোটাররা দলীয় প্রতীক নয়, প্রার্থীর যোগ্যতা ও সততা বিবেচনা করেই ভোট দেবেন। কেউ যদি মনে করেন কেবল দলীয় মার্কা ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হওয়া যাবে, তাহলে তা হবে ভুল ধারণা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের পূর্বপাড়ায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, যোগ্য অভিভাবক যদি এলাকার দায়িত্ব না নেন, তাহলে উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। তাই ভোটারদের উদ্দেশে তার অনুরোধ—যোগ্য, শিক্ষিত, সৎ ও অভিজ্ঞ প্রার্থীকে বেছে নিতে হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, প্রতি ১০০ জন ভোটারের মধ্যে অন্তত ৩০ জন এবার প্রতীক নয়, প্রার্থী দেখে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভোটাররা দেখবেন প্রার্থী সাহসী কি না, সৎ কি না, শিক্ষিত ও এলাকার উন্নয়নে সক্ষম কি না। সুতরাং প্রতীকের ওপর ভর করে জয়ের সুযোগ নেই।
স্বতন্ত্র এই প্রার্থী বলেন, পুরো এলাকায় ‘হাঁস’ প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারেই বিজয় নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভোটের দিন থেকে গণনা শেষ হওয়া পর্যন্ত ভোটারদের পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে আগামী পাঁচ বছর তিনি জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করবেন।