জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আজ মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। বিকেল ২টায় পল্টন মোড়ে এই মহাসমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।
দলগুলো হচ্ছে— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
সমাবেশে যে পাঁচ দফা দাবি উপস্থাপন করা হবে, তার মধ্যে রয়েছে— জুলাই সনদের আইনি স্বীকৃতি নিশ্চিত করা, নির্বাচনের আগে গণভোট আয়োজন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন চালু, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা।
দলগুলোর নেতারা জানিয়েছেন, এসব দাবি না মানলে আন্দোলন আরও কঠোর করা হবে। তারা বলেন, দেশের জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে, তাই সরকারের উচিত অবিলম্বে সাংবিধানিক পদক্ষেপ নেওয়া।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর এই আটটি দল প্রধান উপদেষ্টার কাছে একটি যৌথ স্মারকলিপি জমা দেয়। তবে সরকার কোনো ইতিবাচক সাড়া না দেওয়ায় তারা এই গণসমাবেশের ঘোষণা দেয়।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আজকের সমাবেশ সরকারবিরোধী আন্দোলনের নতুন ধারা তৈরি করতে পারে। পল্টন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে নিরাপত্তা জোরদার করেছে।