জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এক আবেগঘন বার্তায় সততা ও নীতির রাজনীতিতে অটল থাকার আহ্বান জানিয়েছেন। সোমবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক
সংক্ষিপ্ত পোস্টে তিনি লেখেন,“বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না।”
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই আলোচনার জন্ম দেয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বার্তাটি মূলত আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে নীতিগত অবস্থান ও আদর্শ ধরে রাখার একটি প্রতীকী আহ্বান। বিশেষ করে, ক্ষমতার ভাগাভাগির রাজনীতিতে আপস না করার সংকল্পই এতে প্রতিফলিত হয়েছে।
এর আগে বিকেলে রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় অংশ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিএনপি ও জামায়াতের বাইরে একটি ‘সংস্কার জোট’ গঠনের প্রক্রিয়া চলছে। জাতীয় নির্বাচনের আগেই এই জোটের কাঠামো তৈরি হবে। ইতোমধ্যে আমাদের আলোচনাও শুরু হয়েছে।”
তিনি আরও বলেন, “যদি জুলাই সনদ-এর আইনি ভিত্তি না দেওয়া হয় এবং নির্বাচন পিছিয়ে যায়, তাহলে তার দায় বিএনপি ও জামায়াতকেই নিতে হবে। সময় পেরিয়ে যাচ্ছে—এখন দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের একটি পদ্ধতি বের করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। সমঝোতার ডেডলাইন শেষ হয়ে গেছে।”
নাসীরুদ্দীন পাটওয়ারী দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “কারও হাতে ধানের শীষ বা বুকে দাঁড়িপাল্লা থাকুক, সেটা বড় বিষয় নয়। মূল কথা হচ্ছে, কারা সংস্কার চায়, কারা জনগণের পক্ষে দাঁড়াতে পারে। তাই সবাইকে বিবেচনা করে সংস্কার জোটে ভোট দিতে হবে।”
রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, নাসীরুদ্দীনের এই বক্তব্য এনসিপির অবস্থানকে আরও স্পষ্ট করেছে—দলটি এখন আর কোনো জোটের ছায়ায় নয়, বরং ‘আদর্শের রাজনীতি’-তেই নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়।