আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিজের শেষ নির্বাচন হিসেবে ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, “মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ সকল নেতা-নেত্রীকে ধন্যবাদ জানাই। দলের কর্মীদের প্রতিও রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা, যারা আজীবন আমার পাশে থেকেছেন।”
তিনি আরও লেখেন, “এই নির্বাচন আমার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পাননি, তাদের প্রতি অনুরোধ— বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ সম্মান ও দায়িত্ব দেবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে জনগণের পাশে থাকব এবং কাজ করব ইনশাআল্লাহ।”
তার ফেসবুক পোস্টে উঠে আসে দীর্ঘ রাজনৈতিক জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও। তিনি লেখেন, “আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের প্রত্যেকেরই একটা গল্প আছে। আমি যখন ১৯৮৭ সালে রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নেই, তখন আমার মেয়ে দু’টি ছিল ছোট। আমার স্ত্রী তখন ভীষণ অনিশ্চয়তায় ভুগছিলেন, কারণ তিনি জানতেন রাজনীতি মানে ঝুঁকি ও ত্যাগের জীবন।”
মির্জা ফখরুল জানান, “আমার মেয়ের একবার অপারেশন হচ্ছিল, আমি তখন ঢাকার পথে গাড়িতে ছিলাম— শুধু যেন তার পাশে থাকতে পারি। আমি মসজিদে বসে দোয়া করছিলাম। এমন গল্প শুধু আমার নয়, আমাদের হাজার হাজার নেতাকর্মীর।”
রাজনৈতিক মহলে মির্জা ফখরুলের এই ঘোষণা বিএনপির আগামী নেতৃত্ব এবং প্রজন্ম পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।