গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে আলোচনার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই আহ্বানের প্রতি প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, “প্রধান উপদেষ্টার আহ্বানে অন্য রাজনৈতিক দলগুলো সাড়া দিলে জামায়াতও আলোচনায় বসতে রাজি।”
সোমবার (৩ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) চালুর দাবিতে জামায়াতসহ সমমনা আট দল যৌথ প্রেস ব্রিফিং করে। সেখানে ডা. তাহের বলেন, “পিআর পদ্ধতি চালুর বিষয়ে সরকার, জনগণ ও আট দলের মধ্যে ঐকমত্য রয়েছে। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন না হলে এই চাওয়া পূরণ হবে না।”
তিনি বলেন, “যদি উপদেষ্টা পরিষদ কিছু না করে রাজনৈতিক দলগুলোর ওপর দায়িত্ব ছেড়ে দেয়, তাহলে রেফারির দায়িত্ব পালন করবে কে? রাজনৈতিক সংকট সমাধানে সরকারের ভূমিকা পরিষ্কার হতে হবে।”
বিএনপির একাধিক নেতার ভিন্ন ভিন্ন বক্তব্যে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাহের বলেন, “জাতীয় নির্বাচনের দিন যদি গণভোট অনুষ্ঠিত হয়, তাহলে গণভোটের মূল্য ও বিশ্বাসযোগ্যতা থাকবে না।”
তিনি আরও জানান, জামায়াত নির্বাচনে কোনো রাজনৈতিক জোট গঠন করছে না। তবে নির্বাচনী বাস্তবতায় সমঝোতার মাধ্যমে একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাহেরের ভাষায়, “আমরা ইসলামভিত্তিক সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছি। আলোচনা ও সমঝোতার মাধ্যমেই দেশের সংকট নিরসন সম্ভব বলে আমরা বিশ্বাস করি।”