জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, সেই একই চক্র এবার জাতীয় পার্টিকে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। শুক্রবার (২৯ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন,
“শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে—যে পরিকল্পনা আমি ১১ মার্চ প্রকাশ করে দিই। সেই প্ল্যান ভেস্তে গেলেও ওরা থামেনি। এবার একই গ্রুপ আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য জাতীয় পার্টিকে বেছে নিয়েছে।”
তিনি আরও লিখেন,
“জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই। এখন যদি আমরা নুরুল হক নূরের ওপর এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ না করি, জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত না করি, তাহলে বাংলাদেশটাই আবার নূর ভাইয়ের মতো রক্তাক্ত হয়ে যাবে।”
হাসনাত স্পষ্টভাবে উল্লেখ করেন,
“নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না। ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এই চেষ্টা আমরা ব্যর্থ করে দেব।”
এর আগে শুক্রবার রাজধানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। পরে সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যান।