বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনে যদি ১০ শতাংশ ভোট পায়, তাহলে তিনি একে ‘বাপের বেটার কাম’ বলবেন।
শনিবার (২৩ আগস্ট) কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার স্টুডিওতে এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“জামায়াত যদি দেশের ১০ শতাংশ ভোট পায়, আমি বলব বাপের বেটার কাম করছে। কে কী বলল ছোট মুখে বড় কথা, বামন যদি চাঁদ ধরার ইচ্ছা করে আমাকে বলতে হবে বামন চাঁদ ধরে ফেলবে কেন। জামায়াত কী এই দেশে।”
সাম্প্রতিক সময়ে জামায়াতের এক নেতা দাবি করেছেন, সিলেট বিভাগের সব আসনে তারা জিতবে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফজলুর রহমান বলেন,
“সিলেট বিভাগে ১৯টা আসন আছে, আমি চ্যালেঞ্জ করলাম, তারা একটা সিটে পাস করুক। পাস করলে বলব হ্যাঁ, বাপের বেটা তোরা।”
জামায়াতের নায়েবে আমীর আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে ইঙ্গিত করে তিনি আরও বলেন,
“কুমিল্লার চৌদ্দগ্রামের যে লোকটি এখন বেশি বেশি কথা বলে। দেখা যাবে এরা কেমনে নির্বাচনে পাস করে।”
সংবিধান প্রসঙ্গে তিনি স্পষ্ট করে দেন,
“সংবিধান পরিবর্তনের অধিকার এখন কারো নেই। সংবিধান পরিবর্তনের প্রস্তাবনা হতে পারে, কিন্তু পরিবর্তন করবে তো পার্লামেন্ট। মানুষ যদি জামায়াতের পিআর ভোট সমর্থন করে বেশি ভোট দিয়ে, তখন তারা পিআর করুক। কিন্তু এখন বললেই হবে না। এখন ভোট হবে সংবিধান অনুযায়ী, দেখি কয়টা সিট পায়।”
নির্বাচন সুষ্ঠু করতে হলে রাজনৈতিক দল ও প্রশাসনের ভূমিকার দিকেও ইঙ্গিত করেন তিনি। তার ভাষায়, “মানুষ যদি ঠিক হয় পুলিশ লাগে না। রাজনৈতিক দল যদি ঠিক হয় পুলিশ লাগে না। আর নির্বাচন কমিশনকে সৎ ও সাহসী হতে হবে। সরকারকেও সব ধরনের সহযোগিতা করতে হবে। এরপরও হয়তো কয়েকটা কেন্দ্রে ভোট সমস্যা হতে পারে, কিন্তু অন্য সব কেন্দ্রে ভোট ভালো হবে।”