বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শিবির কোনো ধরনের ট্যাগিংয়ের রাজনীতি করে সময় নষ্ট করবে না।
সোমবার (১১ আগস্ট) সকালে চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “বাংলাদেশে যে সম্ভাবনার সৃষ্টি হয়েছে, তা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।” কিছু রাজনৈতিক দল ছাত্র শিবির নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে অভিযোগ করে জাহিদুল ইসলাম বলেন, “আমাদের নামে নানা ট্যাগ দেওয়া হচ্ছে।
যারা দিচ্ছে, তাদের নিজেদের কোনো ইতিবাচক এজেন্ডা নেই। শুধু কিভাবে প্রতিপক্ষকে নাকানি-চুবানি খাওয়ানো যায়, সেটাই তাদের লক্ষ্য। এই ধরনের রাজনীতি আমরা চাই না।”
তিনি আরও বলেন, “এ ধরনের রাজনীতিকে কবর দেওয়ার জন্যই চব্বিশের গণঅভ্যুত্থান হয়েছে। এই লক্ষ্য পূরণে আমার ভাই আবু সাঈদ জীবন দিয়েছেন।”
শিবির সভাপতি নেতাকর্মীদের প্রোপাগান্ডায় কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ট্যাগিংয়ের জবাব দিয়ে আমরা সময় নষ্ট করবো না। দেশের কল্যাণ ও শিক্ষার্থীদের উন্নয়নই হবে আমাদের একমাত্র লক্ষ্য।”
বিগত সময়ে কিছু এমপি সংসদে গান গাওয়ার মতো কাজ করেছেন উল্লেখ করে তিনি বলেন, “সংসদ কি গান গাওয়ার জায়গা? সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য শিল্পকলায় যেতে হয়, সংসদে নয়।” তিনি অভিযোগ করেন, অতীতে রাষ্ট্রের নীতিনির্ধারণী পদে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিরা অবস্থান করেছেন, যা দেশের জন্য ক্ষতিকর ছিল।
তিনি বলেন, “রাজনীতি মানে নীতিনির্ধারণের জায়গায় ভালো মানুষদের যুক্ত করা। নীতি ছাড়া কোনো রাজনীতি আমরা চাই না। এই ধরনের রাজনীতিকে কবর দেওয়ার জন্যই আমাদের নেতারা জীবন দিয়েছেন।” অনুষ্ঠানে শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।