গোপালগঞ্জে সদ্য সংঘটিত রক্তাক্ত হামলার পর শহীদদের রক্তের শপথ নিয়ে ফের গোপালগঞ্জে ফেরার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাতে দেওয়া এক বিবৃতিতে তারা বলেন, “আমরা কমিট করেছিলাম গোপালগঞ্জে যাবো, আমরা গেছি। শহীদদের রক্ত বৃথা যেতে দেবো না। মুজিববাদকে গোপালগঞ্জ ও বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দেবো না।”
নেতারা জানান, আন্দোলন এখানেই শেষ নয়। বরং এটা ছিল শুরু। তারা বলেন, “আমরা আবারও গোপালগঞ্জে যাবো। জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি উপজেলায়, প্রতিটি গ্রামে কর্মসূচি করবো। ঘরে ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে।”
নেতৃবৃন্দ গোপালগঞ্জকে শহীদদের রক্তে ভেজা ভূমি হিসেবে অভিহিত করে বলেন, “শহীদ বাবু মোল্লার গোপালগঞ্জ, শহীদ রথীন বিশ্বাসের গোপালগঞ্জকে আমরা পুনরুদ্ধার করবো।
মকসুদপুর ও কোটালীপাড়ায় আমাদের শহীদদের কবর রয়েছে। এই পবিত্র মাটি আমরা মুজিববাদীদের হাতে তুলে দেবো না।”
তারা আরও বলেন, “বাংলাদেশের এক ইঞ্চি মাটিও মুজিববাদীর হবে না, ইনশাআল্লাহ।”
গতকালের হামলার প্রতিবাদে যারা রাস্তায় নেমেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নেতারা বলেন, “এটাই প্রমাণ করে, জনগণ জেগে উঠেছে।”
বক্তব্যের শেষে ফরিদপুরে অনুষ্ঠিতব্য পরবর্তী পদযাত্রায় সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলা হয়, “ফরিদপুরে পদযাত্রায় দেখা হবে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘোষণায় গোপালগঞ্জ-ভিত্তিক আন্দোলন নতুন গতি পেতে যাচ্ছে, যা দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।