সড়ক দুর্ঘটনা রোধ, প্রাণহানি কমানো এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), কুষ্টিয়া সার্কেল। জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
কুষ্টিয়ার কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত এ কর্মসূচিতে বড় পর্দায় ভিডিও প্রদর্শনের মাধ্যমে বাসচালক, হেলপার ও যাত্রীদের ট্রাফিক আইন এবং নিরাপদ সড়ক ব্যবহারের বিভিন্ন নিয়ম সম্পর্কে সচেতন করা হয়। সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনার ঝুঁকি কমানো এবং চালক ও যাত্রীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।
কর্মসূচিতে চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র নিশ্চিত করা এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং ও উল্টো পথে যানবাহন চালানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার এবং ফিটনেসবিহীন ও যান্ত্রিক ত্রুটিযুক্ত যানবাহন সড়কে না নামানোর বিষয়েও সচেতন করা হয়।
যাত্রীদের নিরাপদে ওঠানামা, চলন্ত গাড়িতে ওঠানামা না করা এবং গণপরিবহনে শৃঙ্খলা বজায় রাখার বিষয়গুলোও ভিডিও প্রদর্শনের মাধ্যমে তুলে ধরা হয়। অন্যদিকে, পথচারীদের জেব্রা ক্রসিং, ফুটওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহার করে রাস্তা পার হওয়া এবং চলাচলের সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া বাসচালক ও যাত্রীরা জানান, বিআরটিএর এ উদ্যোগটি প্রশংসনীয়। ভিডিও প্রদর্শনের মাধ্যমে সড়কে চলাচলের বিভিন্ন নিয়ম সম্পর্কে নতুন করে জানার সুযোগ হয়েছে তাঁদের। অনেক সময় নিয়ম না জানার কারণে ভুল হয়, আবার কখনো নিয়ম জানা সত্ত্বেও অসচেতনতার কারণে আইন লঙ্ঘিত হয়। এ ধরনের উদ্যোগ চালক ও যাত্রীদের সচেতনতা বাড়াতে সহায়ক হবে বলে মনে করেন তাঁরা। ভবিষ্যতে সড়কের নিয়ম মেনে চলারও প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান বলেন, তাঁদের মূল উদ্দেশ্য সড়ককে নিরাপদ করা এবং দুর্ঘটনায় মৃত্যুর মিছিল কমানো। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার পাশাপাশি সড়কের নিয়ম মেনে চলার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদ, অফিস সহকারী মোহাম্মদ আব্দুল মালেক, বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বাড়বে। সবার সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমিয়ে নিরাপদ সড়ক গড়ে তোলা সম্ভব হবে।