বগুড়ার বাঘোপাড়া এলাকার বাসিন্দা মো. নয়ন হোসেনের চোখের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিএনপির চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
শনিবার (২০ জুন) রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে নয়নের চোখের চিকিৎসা কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের উদ্যোগ ও পরিকল্পনায় এ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়েদ মেহবুব-উল-কাদিরের তত্ত্বাবধানে নয়নের চিকিৎসা শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
চিকিৎসা কার্যক্রম শুরুর সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মো. নয়ন হোসেন বগুড়ার বাঘোপাড়া এলাকার বাসিন্দা এবং বিএনপির একজন কর্মী। ২০২৩ সালের ২৯ অক্টোবর পুলিশের গুলিতে আহত হওয়ার পর থেকে তিনি শারীরিক জটিলতায় ভুগছিলেন। আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সন্তান হওয়ায় দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে নানা সংকটে ছিলেন। তার বর্তমান চিকিৎসা উদ্যোগে নতুন আশার সঞ্চার হয়েছে।