বাংলাদেশ একদিন জামায়াতে ইসলামীর নেতৃত্বে পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
বুধবার দিনব্যাপী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, জামায়াতে ইসলামীর প্রতি জনগণের সমর্থনে ঈর্ষান্বিত হয়ে অতীতের মতো অনেকে দলটির বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত হয়েছে। তবে কোনো ষড়যন্ত্রই জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা থামাতে পারবে না।
তিনি বলেন, জনগণের সমর্থনে জামায়াতে ইসলামী সংসদ ও রাজপথে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। আদর্শিক দল হিসেবে জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থায় জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। দেশ ও জাতির স্বার্থবিরোধী কোনো বিষয়ে দলটি আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না।
জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, সংসদের বিরোধী দল হিসেবে জনগণের দাবি পূরণে সংসদে ভূমিকা রাখা হচ্ছে। সরকার জনগণের দাবি উপেক্ষা করলে রাজপথে আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে।
তিনি আরও বলেন, জনগণের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা হচ্ছে। তৃণমূলই একটি আদর্শ সংগঠনের মূল ভিত্তি। জনগণের সঙ্গে যাদের গভীর সম্পৃক্ততা রয়েছে, তাদের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।
ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের উদ্দেশে তিনি আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে দেশবাসীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।