আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠা সৈয়দা ফৌজিয়া হোসেন বর্তমানে বিএনপির রাজনীতিতে সক্রিয়। তিনি এখন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্বে রয়েছেন। তার রাজনৈতিক অতীত নিয়ে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে।
দলীয় নেতাকর্মীদের অভিযোগ, সৈয়দা ফৌজিয়া হোসেন একসময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঢাকা মহানগর কমিটির সভাপতির দায়িত্বও পালন করেছেন বলে দাবি করা হচ্ছে।
বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতার সঙ্গে ফৌজিয়ার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন।
এ ছাড়া অতীতে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসির দাবিতে আয়োজিত মানববন্ধনেও ফৌজিয়া অংশ নিয়েছিলেন বলে অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা। এ-সংক্রান্ত বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও তারা দাবি করেন।
তৃণমূলের নেতাকর্মীদের প্রশ্ন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এমন ব্যক্তিরা কীভাবে বিএনপির বিভিন্ন সংগঠনে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার সুযোগ পাচ্ছেন। তাদের অভিযোগ, দলীয় পরিচয় ও অতীত রাজনৈতিক কর্মকাণ্ড যাচাই না করে কাউকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ আরও বাড়বে।
এ ধরনের ব্যক্তিদের দলে অন্তর্ভুক্তির পেছনে যারা ভূমিকা রেখেছেন, তাদের বিরুদ্ধেও তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।