ভারতের ভূখণ্ড ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হচ্ছে না বলে দেশটির কেন্দ্রীয় সরকার জানিয়েছে। ভারতের লোকসভায় উপস্থাপিত এক সংসদীয় কমিটির প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ জুলাই) লোকসভায় উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়, মানবিক বিবেচনায় এবং চরম সংকট বা অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার দীর্ঘদিনের নীতির অংশ হিসেবে শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ভারত তার ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহার করতে দেয় না। সেই নীতির ধারাবাহিকতায় শেখ হাসিনাকেও কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়নি।
এদিকে, শেখ হাসিনার অনুপস্থিতিতে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের পর তাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের করা অনুরোধ নিয়েও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এতে বলা হয়, বিষয়টি সম্পর্কে জানতে চাওয়ার পর ভারত সরকার সংসদীয় কমিটিকে জানিয়েছে যে, বিদ্যমান আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুসারে বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে।