জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বর্তমান সরকার গণতান্ত্রিক সংস্কারের পরিবর্তে স্বৈরাচারী ধারা অব্যাহত রেখেছে এবং দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সদর থানায় অভিযোগ দায়েরের পর কামাইছড়া পুলিশ ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে দলটি গণতন্ত্র, সংস্কার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করছিল। এরই অংশ হিসেবে হবিগঞ্জে গেলে তাদের ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। হামলায় একজন কিশোরের চোখ নষ্ট হওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি।
স্থানীয় সংসদ সদস্যের সমালোচনা করে নাহিদ ইসলাম দাবি করেন, স্থানীয় নেতৃত্ব রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। তার অভিযোগ, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি আরও বলেন, হামলার ঘটনায় মামলা করতে গিয়ে প্রথমে পুলিশ বাধা দেয়। পরে বিক্ষোভ কর্মসূচি স্থগিত রেখে তারা থানায় অভিযোগ জমা দেন। পুলিশ অভিযোগ গ্রহণ করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যে মামলার কপি দেওয়ার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।
বিএনপি ও স্থানীয় নেতাদের সমালোচনা করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিরোধী মত দমনে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, কোনো ব্যক্তি আইন লঙ্ঘন করলে তার বিচার প্রচলিত আইন অনুযায়ী হওয়া উচিত, রাজনৈতিক প্রতিপক্ষ বা কোনো সংগঠনের মাধ্যমে নয়।
পুলিশের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, বাহিনী যদি তাদের নিরপেক্ষতা প্রমাণ করতে চায়, তাহলে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জনগণের মধ্যে বিচারহীনতার ধারণা আরও জোরালো হবে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতুসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।