জামায়াতের সাতক্ষীরা-৪ আসনের এক সংসদ সদস্যের ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার ড্রাইভারের নিরাপত্তা ও বিচার দাবির বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল। তিনি অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আবেদনকারীর জীবনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
নিজের ফেসবুক পোস্টে নীলা ইসরাফিল প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে লেখেন, একজন অসহায় নাগরিকের লিখিত আবেদন তার নজরে এসেছে। ওই আবেদনে দাবি করা হয়েছে, আবেদনকারীর ওপর হত্যাচেষ্টাসহ গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে এবং তিনি নিজের জীবন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি আরও উল্লেখ করেন, আবেদনে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, আমিন, মাসুম বিল্লাহ ও মোস্তাসিম বিল্লাহর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত এবং আবেদনকারীর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
পোস্টে নীলা ইসরাফিল বলেন, কোনো নাগরিক যখন লিখিতভাবে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে রাষ্ট্রের দ্বারস্থ হন, তখন বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি আবেদনটির যথাযথ তদন্ত এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও প্রকৃত সত্য উদঘাটনের প্রত্যাশা ব্যক্ত করেন।