বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে বর্তমান সরকারের বৈধতাও প্রশ্নবিদ্ধ হবে। তিনি দাবি করেন, গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশাল নগরীর ভাটারখাল এলাকার হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল। এ সময় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন।
ডা. শফিকুর রহমান বলেন, “যে গণভোটে জনগণের ৭০ শতাংশ সমর্থন এসেছে, সেই একই দিনের ভোটের ভিত্তিতেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে এই সরকারকেও জনগণ মেনে নেবে না।”
বরিশাল অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। একটি বিভাগীয় শহর এবং কুয়াকাটা পর্যটনকেন্দ্রের সঙ্গে সংযোগকারী এ সড়ক ছয় লেনে উন্নীত করা সময়ের দাবি হলেও সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে রেলপথ থাকলেও বরিশালে এখনো রেললাইন পৌঁছেনি। বরিশালবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে এ অঞ্চলে দ্রুত রেল যোগাযোগ চালুর আহ্বান জানান তিনি।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে এবং নতুন শাসনব্যবস্থার প্রত্যাশা ব্যক্ত করেছে। অথচ ক্ষমতায় আসার পর সরকার গণভোটের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলে অভিযোগ করেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও দাবি করেন, ক্ষমতায় যাওয়ার আগে সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিলেও এখন সেই অবস্থান থেকে সরে এসে সংবিধান সংশোধনের কথা বলছে। এ বিষয়ে সরকার জনগণের সঙ্গে করা অঙ্গীকার থেকে সরে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।