বিএনপি নেতা রাশেদ খাঁন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘লীগ ধর’ শীর্ষক ম্যারাথন নিয়ে সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, ম্যারাথনে অংশ নেওয়া অনেকেই অতীতে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, “আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির ‘লীগ ধর’ নামে যে প্রতীকী ম্যারাথনের আয়োজন করেছে, তারা যদি গত ১৬ বছর ছাত্রলীগের মধ্যে গুপ্তভাবে না থেকে প্রকাশ্যে এর বিরুদ্ধে অবস্থান নিত, তাহলে ছাত্রলীগ এত শক্তিশালী হয়ে উঠতে পারত না এবং শেখ হাসিনাও দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারতেন না।”
তিনি আরও দাবি করেন, “শিবিরের ম্যারাথনে অংশ নেওয়াদের ৯০ শতাংশই একসময় ছাত্রলীগের পেছনে এভাবেই দৌড়ঝাঁপ করেছে। জামায়াত-শিবিরের কৌশলের কারণেই ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্রলীগের পতন না ঘটলে, শিবির তাদের কৌশলের অংশ হিসেবে ছাত্রলীগের মধ্যেই থেকে যেত। আজ তাদের অনেককে ছাত্রলীগের বড় বড় পদে দেখা যেত।”
এর আগে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘লীগ ধর’ শীর্ষক প্রতীকী ম্যারাথনে সংগঠনটির নেতাকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।