বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের কোনো একক ‘মাস্টারমাইন্ড’ নেই।
এটি ছিল সময়ের প্রয়োজন, রাজনৈতিক বাস্তবতা এবং জনমানুষের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। তাই এ আন্দোলনের কৃতিত্ব কোনো ব্যক্তি বা সংগঠনের একার বলে দাবি করার সুযোগ নেই।
এক বিবৃতিতে তিনি বলেন, পৃথিবীতে যা কিছু ঘটে, সবই সৃষ্টিকর্তার পূর্বনির্ধারিত মহাপরিকল্পনার অংশ। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানও সেই ধারাবাহিকতারই একটি অধ্যায়।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যক্তি ও মহল নিজেদেরকে গণঅভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী বা ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে, যা ইতিহাসের প্রকৃত চিত্রকে বিকৃত করে।
ইয়ারুল ইসলাম বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের কৃতিত্ব যেমন দীর্ঘদিন একটি দল এককভাবে দাবি করে রাজনৈতিক সুবিধা নিয়েছে, তেমনি এখন একটি মহল চব্বিশের গণঅভ্যুত্থানের কৃতিত্বও নিজেদের একার বলে প্রতিষ্ঠা করতে চায়। এটি ইতিহাসের সঙ্গে সুবিচার নয়।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে শিক্ষার্থী, তরুণ, পেশাজীবী, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। দেশের অসংখ্য পরিবারও আন্দোলনের প্রতি নানাভাবে সংহতি ও সহযোগিতা জানিয়েছে।
তাই এই আন্দোলন জাতির সম্মিলিত সংগ্রামের প্রতীক। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে ইতিহাসকে নিরপেক্ষভাবে সংরক্ষণের আহ্বান জানান তিনি।