বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম দাবি করেছেন, জুলাই আন্দোলন সফল না হলে বিএনপির নেতাকর্মীদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতো।
শনিবার (৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর জাতীয়তাবাদী হকার্স দলের উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণসভা এবং দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবদুস সালাম বলেন, আন্দোলন ব্যর্থ হলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর পরিণতি আরও ভয়াবহ হতে পারত। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন মামলা দায়ের করা হয়েছিল।
তার ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনার সরকারের পতন না হলে বিএনপির নেতাকর্মীদের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ থাকত না।
তিনি আরও বলেন, বিএনপি কখনো শুধু ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে আন্দোলন করেনি; বরং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতা রক্ষার লক্ষ্যেই আন্দোলন করেছে। ছাত্র, শ্রমিক, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে জুলাই আন্দোলনের পথ তৈরি হয়েছে এবং এতে বিএনপি, ছাত্রদল ও শ্রমিক দলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও দাবি করেন তিনি।
এছাড়া হকার ব্যবস্থাপনা নিয়ে আবদুস সালাম বলেন, সিটি করপোরেশনের লক্ষ্য হকার উচ্ছেদ নয়, বরং শৃঙ্খলার মধ্যে এনে তাদের ব্যবসার সুযোগ নিশ্চিত করা। তিনি নিবন্ধিত হকারদের আইডি কার্ড প্রদান, নির্ধারিত স্থানে ব্যবসার সুযোগ এবং পর্যায়ক্রমে নাইট মার্কেট ও সাপ্তাহিক মার্কেট চালুর পরিকল্পনার কথাও জানান।