জাতীয় সংসদে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ বিলের ওপর আলোচনার সময় ভুলবশত ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মো. আমির হামজা। পরে স্পিকারের দৃষ্টি আকর্ষণের পর তিনি নিজের বক্তব্য সংশোধন করেন।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে এ ঘটনা ঘটে। এদিন কণ্ঠভোটে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ বিল পাস হয়। সংশোধনের মাধ্যমে ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’-এর ২০ ধারা বাতিল করা হয়েছে।
বিলের ওপর বক্তব্য দিতে গিয়ে আমির হামজা বলেন, সরকার গঠনের পর আজ প্রথমবারের মতো তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন এবং এ বিল আনার জন্য মন্ত্রীর সঙ্গে নীতিগতভাবে একমত।
এরপর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে সংশোধন করে বলেন, সাইবার সুরক্ষা আইনটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিল। তিনি প্রশ্ন করেন, “আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন ধন্যবাদ জানাচ্ছেন?”
স্পিকারের মন্তব্যের পর নিজের ভুল বুঝতে পেরে আমির হামজা বক্তব্য সংশোধন করেন এবং বিলটি উত্থাপনের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রীকে ধন্যবাদ জানান।