চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন এবং পরিকল্পনাটি দ্রুত বাস্তবায়নের আশা প্রকাশ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, এই সংসদ মজলুমদের সংসদ। তাই এমন কোনো আচরণ করা উচিত নয়, যা সাধারণ মানুষকে আহত করে। তিনি সরকারি দলের প্রতি বিরোধীদলকে সম্মান জানানোর আহ্বান জানান এবং একই সঙ্গে বিরোধীদলকেও সরকারি দলকে গঠনমূলক সহযোগিতার মানসিকতা রাখার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, অতীতে সংসদ ব্যক্তিকেন্দ্রিক তোষামোদির সংস্কৃতিতে অভ্যস্ত ছিল, যা থেকে বের হয়ে আসা জরুরি। বাজেটকে অবশ্যই জনকল্যাণের দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করতে হবে এবং এতে জনগণের ক্ষতি হচ্ছে কি না, তা বিরোধীদল পর্যবেক্ষণ করবে।
বিরোধীদলীয় নেতা আরও অভিযোগ করেন, বাজেটে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা নেই। তার মতে, এসব অর্থ ফিরিয়ে আনা গেলে বাজেট ঘাটতি কমে আসবে। পাশাপাশি তিনি পাচারকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনারও দাবি জানান।