জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ বলেছেন, দেশের উন্নয়ন ও বাজেট বণ্টনে কোনো নির্দিষ্ট অঞ্চলকে বিশেষ সুবিধা না দিয়ে সব এলাকার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
আতিকুর রহমান বলেন, একসময় ‘সবার আগে গোপালগঞ্জ’ কথাটি আলোচিত ছিল। এখন কেউ কেউ প্রশ্ন তুলছেন, ‘সবার আগে বগুড়া’ কি না। তিনি বলেন, এমন বাংলাদেশ কাম্য নয়; বরং ‘সবার আগে বাংলাদেশ’ নীতির ভিত্তিতে দেশের প্রতিটি অঞ্চলের মানুষের জন্য সমানভাবে বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে।
তিনি অভিযোগ করেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলায় তুলনামূলকভাবে বড় অঙ্কের বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে অন্যান্য অনেক এলাকা প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হচ্ছে। উন্নয়ন পরিকল্পনায় ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বাজেট আলোচনায় প্রতিরক্ষা খাতের বরাদ্দ নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই সংসদ সদস্য। তিনি বলেন, প্রস্তাবিত ৪২ হাজার কোটি টাকার প্রতিরক্ষা বাজেটের মধ্যে প্রায় ৩৫ হাজার কোটি টাকা পরিচালন ব্যয়ে ব্যয় হবে। অবশিষ্ট অর্থ দিয়ে আধুনিক প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা কঠিন।
তিনি দেশের সীমান্ত নিরাপত্তা, আকাশ ও নৌ প্রতিরক্ষা শক্তিশালী করতে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জামে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা খাতে জিডিপি অনুপাতে বরাদ্দ কম বলেও মন্তব্য করেন।
আতিকুর রহমান মোজাহিদ বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রতিরক্ষা খাতে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।