বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে জনগণের রায়কে কোনোভাবেই উপেক্ষা করা হবে না। সংসদে এ বিষয়ে সমাধান না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলে তিনি মন্তব্য করেছেন।
মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছেন, বিরোধীদল সেই রায়ের পক্ষেই অবস্থান নিয়েছে। তার ভাষায়, “যেটা সংসদে সমাধান হবে, হবে। সংসদে সমাধান না হলে রাজপথে হবে। জনগণের দাবি আমরা ছেড়ে দেব না।”
সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের দাবি ছিল সংবিধান সংস্কার, শুধুমাত্র সংশোধন নয়। এ কারণে সংবিধান সংশোধনের জন্য গঠিত কোনো কমিটিতে বিরোধীদল প্রতিনিধি দেবে না। তবে সংস্কার নিয়ে উদ্যোগ নেওয়া হলে তা বিবেচনা করা হবে।
ডা. শফিকুর রহমান আরও জানান, বিরোধীদল সংসদে গণভোট, ব্যাংক খাতের সংকট, প্রবাসীদের সমস্যা এবং সীমান্তে পুশ-ইনসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নোটিশ দিয়েছে। তিনি বলেন, বিরোধীদল বগলদাবা ভূমিকা পালন করবে না, আবার অযৌক্তিক সংঘাতেও যাবে না। জনগণের স্বার্থে যৌক্তিক ও দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করাই তাদের লক্ষ্য।