রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং এ ঘটনায় সবাই গভীর শোক প্রকাশ করেছে। তবে যথাযথ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরিবর্তে পুরো হাসপাতালের লাইসেন্স বাতিল করা যৌক্তিক হয়নি।
ডা. শফিকুর রহমান বলেন, আদ্-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে স্বল্প খরচে চিকিৎসাসেবা দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের অবহেলা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু একটি বৃহৎ চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষই।
তিনি আরও উল্লেখ করেন, আদ্-দ্বীন একটি মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে শত শত শিক্ষার্থী অধ্যয়ন করছে। হাসপাতালের কার্যক্রম বন্ধ হলে তাদের শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমও অনিশ্চয়তার মুখে পড়বে।
জামায়াত আমির শিক্ষার্থী ও জনস্বার্থের কথা বিবেচনা করে সরকারের প্রতি লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। একই সঙ্গে নবজাতকদের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।