ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান নেওয়ার পর একসময় রাজনীতি থেকে অবসরের কথা ভাবলেও এখন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনীতি থেকে সরে দাঁড়ানো সম্ভব নয়।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা বর্তমানে নানা সংকটের মধ্যে রয়েছেন। তাদের এই সময়ে ছেড়ে গিয়ে ব্যক্তিগত বিশ্রামে যাওয়ার কোনো সুযোগ তিনি দেখছেন না। তিনি দাবি করেন, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার দায়িত্ববোধ থেকেই তিনি সক্রিয় রাজনীতিতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী জানান, ব্যক্তিগতভাবে তিনি বহুবার নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেওয়ার কথা বলেছেন। তবে বর্তমান পরিস্থিতিকে তিনি স্বাভাবিক মনে করছেন না। তাই দেশের জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজনীতি থেকে অবসর নেওয়ার পরিকল্পনা স্থগিত রাখছেন।
নেতৃত্বের প্রশ্নে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। দলের কাউন্সিল ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারিত হবে। পাশাপাশি তরুণ নেতৃত্বকে সামনে আনার পরিকল্পনার কথাও জানান তিনি।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ভবিষ্যতে বাংলাদেশের জনগণের সমর্থন নিয়েই দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে চান।
সূত্র: এই সময়