ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা ক্ষমতাসীন দল বিএনপির সঙ্গে তার কোনো ধরনের গোপন রাজনৈতিক সমঝোতা বা ‘নেগোসিয়েশন’ এর খবরকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে তিনি এই অপপ্রচারের ক্ষোভ প্রকাশ করে এর পেছনে থাকা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন।
তাসনিম জারার ফেসবুক পোস্টটি হুবহু নিচে তুলে ধরা হলো- একটা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে ‘তানসিম জারার সঙ্গে বিএনপির নেগোসিয়েশন হয়ে গেছিলো।’ আরও দারি করছেন যে ‘জারা চ্যানেল করে বিএনপির সঙ্গে। বিএনপি তাকে গ্রিন সিগনাল দেয়।’
এই দাবিগুলো সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও মিথ্যা। আমি বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে কখনও এমন কোনো আলোচনা করিনি।
যারা এই মিথ্যা ছড়াচ্ছেন তাদের কাছে প্রশ্ন করুন: কবে, কোথায়, কার সঙ্গে এই ‘নেগোসিয়েশন’ হলো? কোন নাম, তারিখ বা প্রমাণ দিতে পারবেন না। কারণ এমন কিছু কখনও ঘটেনি।
এই মিথ্যা ছড়ানোর উদ্দেশ্য হচ্ছে নিজেদের সুবিধামতো একটি ন্যারেটিভ দাঁড় করানো। মিথ্যার রাজনীতি আর কত?