বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার যদি দেশের কল্যাণে ভালো উদ্যোগ নেয়, তাহলে জামায়াত সহযোগিতা করবে। তবে দেশের কোনো ক্ষতি হলে দলটি নীরব থাকবে না।
শনিবার (৯ মে) সকালে জাপান সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া তাদের দায়িত্ব। তিনি বলেন, “দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না। আমরা আওয়াজ তুলব, প্রতিবাদ করব এবং প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলব।”
জাপান সফর প্রসঙ্গে তিনি জানান, জাপান বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখছে এবং বর্তমান সংসদকে আগের সংসদের তুলনায় ব্যতিক্রম মনে করছে। তিনি বলেন, বিরোধী দল যেমন সরকারের সমালোচনা করছে, তেমনি প্রয়োজনীয় সহযোগিতাও করছে—এটি জাপানের নজর কেড়েছে।
দেশে ক্যান্সার চিকিৎসার সীমাবদ্ধতার বিষয়েও কথা বলেন জামায়াত আমির। তিনি জানান, উন্নত চিকিৎসা ও দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে জাপানের কাছে বাংলাদেশে একটি বিশ্বমানের ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ছাড়া থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের খোঁজ নেওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ডা. শফিকুর রহমান।