ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের উপকমিশনার মো. মাসুদ আলম ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হওয়ার দাবি নাকচ করে বলেছেন, ঘটনাস্থলে কোনো ধরনের বুলেট বা রাবার বুলেট ব্যবহার করা হয়নি। তার ভাষ্য অনুযায়ী, আন্দোলনকারীরা সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের আঘাতে আহত হয়ে থাকতে পারেন।
শুক্রবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ-এর বিক্ষোভ মিছিল যমুনার দিকে অগ্রসর হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। তবে কোনো প্রকার আগ্নেয়াস্ত্র বা রাবার বুলেট নিক্ষেপ করা হয়নি বলে তিনি দাবি করেন।
ডিসি মাসুদ আলম আরও বলেন, ৫ আগস্টের পর থেকে এই এলাকায় কখনো গুলি চালানো হয়নি। তিনি জানান, ঘটনার শুরুতে তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না; পরে সেখানে গিয়ে দেখেন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এবং বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে গেছে।
এর আগে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, পুলিশি অভিযানে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং সংগঠনের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। তবে এসব দাবি প্রত্যাখ্যান করে ডিসি মাসুদ আলম বলেন, ঘটনাস্থলে কোনো বুলেট বা রাবার বুলেট ব্যবহারের ঘটনা ঘটেনি।