সদ্যপ্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর জানাজায় অংশ নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর ঢাকা সফরকে কূটনৈতিক বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন না করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সফরের পেছনে অতিরিক্ত রাজনৈতিক অর্থ খোঁজার প্রয়োজন নেই। বরং এটিকে একটি স্বাভাবিক সৌজন্যপূর্ণ উপস্থিতি হিসেবেই দেখা উচিত।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের মধ্যেই নয়, প্রতিবেশী দেশগুলোতেও একটি ইতিবাচক ও সম্মানজনক অবস্থান তৈরি করেছিলেন। তাঁর রাজনৈতিক জীবনের এই গ্রহণযোগ্যতা দক্ষিণ এশিয়ার অনেক দেশই স্বীকার করে এবং উপলব্ধি করে।
তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে দেশের মানুষের মাঝেও খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও গ্রহণযোগ্যতা ছিল। তাঁর মৃত্যু ও অন্ত্যেষ্টিক্রিয়ায় বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতি স্বাভাবিক বিষয়, এবং বাংলাদেশ সরকার বিষয়টিকে সেভাবেই দেখছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরকে একটি ‘পজিটিভ জেশ্চার’ হিসেবে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, জয়শঙ্করের সফর ছিল সংক্ষিপ্ত হলেও তিনি পুরো জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং অনুষ্ঠান শেষে দেশে ফিরে গেছেন। এটিকে সৌজন্যপূর্ণ উপস্থিতির বাইরে অন্য কোনো অর্থে ব্যাখ্যা না করাই ভালো।
তিনি স্পষ্ট করে বলেন, জয়শঙ্করের সঙ্গে কোনো ধরনের দ্বিপক্ষীয় আলোচনা হয়নি। একান্ত বৈঠক বা রাজনৈতিক আলাপের সুযোগও তৈরি হয়নি। অন্যান্য বিদেশি অতিথিরাও সেখানে উপস্থিত ছিলেন এবং সৌজন্যবোধ অনুযায়ী সবার সঙ্গে কুশল বিনিময় হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, তাঁর সঙ্গে জয়শঙ্করের যে সামান্য কথাবার্তা হয়েছে, সেটিও ছিল পুরোপুরি অনুষ্ঠানের প্রেক্ষাপটে এবং সবার সামনে। সেখানে কোনো রাজনৈতিক বা দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা হয়নি।