বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ চার দফা দাবি উত্থাপন করেছে ইনকিলাব মঞ্চ। রোববার রাতে সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
বিবৃতিতে ইনকিলাব মঞ্চ জানায়, শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনি, হত্যার পরিকল্পনাকারী, সহায়তাকারী, পলায়নে সহযোগী ও আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়। এছাড়া ভারত যদি তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানায়, তাহলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্ট শক্তির দোসরদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবিও জানায় সংগঠনটি।
এর আগে শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে রোববার বেলা দুইটার পর থেকে রাজধানীর শাহবাগ মোড়ে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। রাত ১০টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি অব্যাহত রাখা হয়।
তারও আগে শনিবার রাতে ইনকিলাব মঞ্চ দেশের সব বিভাগীয় শহরে একযোগে সর্বাত্মক অবরোধের ডাক দেয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী অবরোধ বেলা দুইটা থেকে শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টার মধ্যেই বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন। তারা মোড় সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। বেলা দুইটার পর ইনকিলাব মঞ্চ আনুষ্ঠানিকভাবে শাহবাগ মোড় বন্ধ করে দিলে ওই এলাকা দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।