ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর আবেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেন, “ফজরের নামাজে আল্লাহর কাছে ফরিয়াদ করেছি—আমার সবকিছুর বিনিময়ে হলেও আপনি হাদিকে ফিরিয়ে দিন। কারণ, আমাদের আর দেশকে দেওয়ার কিছু নেই, কিন্তু হাদির দেওয়ার এখনো অনেক কিছু বাকি।”
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতেই মাহমুদুর রহমান জানান, হাদির ওপর হামলার প্রতিবাদ জানাতেই তিনি প্রকাশ্যে আন্দোলনে যুক্ত হয়েছেন।
হাদির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার সময় হাদিই তাকে বিমানবন্দরে রিসিভ করতে গিয়েছিল। “মাত্র পাঁচ মাস আগে আমরা একসঙ্গে আমার মায়ের দাফন করেছি। আজ সেই হাদি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে,” বলেন তিনি।
ড. মাহমুদুর রহমান বলেন, “হাদি শুধু একজন ব্যক্তি নয়, সে জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি। তার ওপর হামলা করে জুলাই বিপ্লবের চেতনাকে থামানো যাবে না।” তিনি জানান, আগামী ১৫ ডিসেম্বর বিকাল ৩টায় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেখান থেকেই আগামী দিনের আন্দোলনের নতুন অধ্যায়ের সূচনা করা হবে।
হাদির কালচারাল উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, তরুণদের বইপড়া থেকে দূরে সরে যাওয়ার সময়ে হাদি মানুষের কাছ থেকে বই সংগ্রহ করে একটি কালচারাল সেন্টার গড়ে তুলেছে—কালচারাল ফ্যাসিবাদ মোকাবিলার জন্য। তিনি ঘোষণা দেন, হাদি সুস্থ না হওয়া পর্যন্ত সেই কালচারাল সেন্টারের দায়িত্ব তিনি নিজে নেবেন।
অন্তর্বর্তী সরকারকে সমালোচনা করে মাহমুদুর রহমান বলেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। হামলার আগে হুমকির তথ্য জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। এ সময় তিনি ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণার হুঁশিয়ারি দেন।
সমাবেশ শেষে তিনি বলেন, “একজন হাদিকে গুলি করে আমাদের লড়াই থামানো যাবে না। ঐক্যবদ্ধ হয়ে আমাদের আবার রুখে দাঁড়াতে হবে এবং জুলাই বিপ্লবকে পূর্ণ করতে হবে।”