ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুর ২টার দিকে সাংবাদিকদের তিনি এ ঘোষণা দেন।
এ সময় জানানো হয়, হামলার ঘটনায় গুলি করা এক ব্যক্তিকে পুলিশ প্রাথমিকভাবে শনাক্ত করেছে। অভিযুক্তের অবস্থান বা পরিচয় সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে দ্রুত পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে। তথ্যদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে বলেও জানানো হয়।
শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারীর বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দিলে তা কঠোরভাবে যাচাই করা হবে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং পুরস্কারের বিষয়টি নিশ্চিত করা হবে।
এর আগে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়। মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে তাকে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।