রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
বিবৃতিতে প্রধান উপদেষ্টা আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত পরিচালনা করে হামলার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশনা দেন তিনি।
ড. ইউনূস বলেন, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের তথ্য গ্রহণ এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে। হামলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা বা ষড়যন্ত্র থাকলে সেটিও দ্রুত উন্মোচনের নির্দেশ দেন তিনি।
প্রধান উপদেষ্টা তার বিবৃতিতে আরও বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না। জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দোষীরা যে-ই হোক, তাদের আইনের আওতায় আনা হবে বলে তিনি স্পষ্ট করেন।
এ সময় তিনি দেশের সব রাজনৈতিক দল, কর্মী-সমর্থক এবং সাধারণ নাগরিকদের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান, যাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট সংলগ্ন স্থানে দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদির ওপর গুলি চালায়। তার বাম কানের নিচে গুলি লাগে। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।