রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ–ওপিঠ বলে মন্তব্য করায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-২ আসনের প্রার্থী, সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মামলার বাদী আইনজীবী রিদওয়ান হোসেন রবিনের জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্তের জন্য পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) নির্দেশ দিয়েছেন।
আদালতের বেঞ্চ সহকারী নাজমুল তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, দেশের ৯১ দশমিক ৪ শতাংশ মানুষ মুসলিম হওয়ায় ইসলাম ধর্মের বিধান ও রীতিনীতি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। অভিযোগকারী দাবি করেন, ইসলাম ধর্মে রোজা রাখা সম্পূর্ণভাবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে—যার পুরস্কার দান করবেন আল্লাহ নিজেই।
অন্যদিকে সনাতন ধর্মাবলম্বীরা দেব–দেবীর প্রতিমায় আকৃতি দিয়ে পূজা করেন। তাই রোজা ও পূজাকে একই উদাহরণে উপস্থাপন করা মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত করেছে।
অভিযোগে আরও বলা হয়, শিশির মনির ইচ্ছাকৃতভাবে DSN নামক একটি ইউটিউব চ্যানেলে দেওয়া এক বক্তব্যে ‘রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ ও ওপিঠ’ হিসেবে উল্লেখ করেন। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অভিযোগকারী দাবি করেন, এই বক্তব্য মুসলিম সমাজে বিভ্রান্তি, উদ্বেগ ও ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করেছে।
এ ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগও আনা হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, ডিবি এখন মামলার ভিডিও–প্রমাণ, বক্তব্যের প্রেক্ষাপট ও অভিযোগের ভিত্তি যাচাই করবে। তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
ঘটনাটি রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা তৈরি করেছে, বিশেষ করে নির্বাচনের আগে সংবেদনশীল ধর্মীয় প্রসঙ্গ ওঠায় উত্তাপ আরও বেড়েছে।