জুলাই গণ-অভ্যুত্থানের সময় সেনাবাহিনী সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছিল এবং এজন্য তাদের ভূমিকার আমি ভূয়সী প্রশংসা করি।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং আনন্দময় করার জন্য সেনাবাহিনীর সহায়তা অত্যন্ত প্রয়োজন।
আজ (বুধবার) দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) অডিটরিয়ামে কোর্স-২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই বক্তব্য দেন।
এই কোর্সে বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক ও পাকিস্তানসহ বিশ্বের ২৪টি দেশের ৩১১ জন তরুণ সামরিক অফিসার অংশগ্রহণ করেছেন। প্রধান উপদেষ্টা বলেন, কোর্স সম্পন্নকারী অফিসাররা তাদের অর্জিত জ্ঞান ব্যক্তিগত ও পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
অনুষ্ঠানে সরকারের উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব এবং তিন বাহিনীর প্রধানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।