কলম্বো সিকিউরিটি কনক্লেভের সভায় যোগ দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের যাওয়ার কথা ছিল বুধবার। তবে কূটনৈতিক সূত্রে জানা গেছে, তিনি নির্ধারিত সময়ের একদিন আগে আজ মঙ্গলবারই দিল্লিতে পৌঁছেছেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। সেখানে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
আগামী বৃহস্পতিবার দিল্লির হায়দরাবাদ হাউসে সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হবে। সভায় অংশ নিয়েই ওই দিনের বিকেলেই তার দিল্লি ছাড়ার কথা রয়েছে।
এদিকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর তিনি ভারতে পালিয়ে গিয়ে দিল্লিতে অবস্থান করছেন। রায়ের পর ঢাকা থেকে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয় তাকে প্রত্যর্পণের জন্য। যদিও ভারত শুধু জানায় যে রায়টি তাদের নজরে আছে, কিন্তু প্রত্যর্পণ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ঠিক এমন সময়েই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের একদিন আগে দিল্লিতে পৌঁছানোকে ঘিরে কূটনীতিক মহলে নানা আলোচনা চলছে। দিল্লি অবস্থানকালে ভারত সরকারের সঙ্গে হাসিনাকে নিয়ে কোনো ধরনের আলাপ হয় কিনা, তা নিয়েও ব্যাপক জল্পনা তৈরি হয়েছে।