দীর্ঘদিনের বঞ্চনা ও দশম গ্রেডে বেতন-ভাতার দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছেন সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় চারটি শিক্ষক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এ ঘোষণা দেয়।
এর আগে বিকেলে আন্দোলনরত শিক্ষকদের শাহবাগ অভিমুখী পদযাত্রায় বাধা দিলে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এর পরই শিক্ষক নেতারা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন।
শনিবার সকাল ৯টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তারা জানান, বছরের পর বছর ১১তম গ্রেডের দাবি জানিয়ে কোনো সাড়া না পেয়ে এখন তারা সরাসরি দশম গ্রেড দাবি করছেন।
‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর নেতৃত্বে থাকা সংগঠনগুলো হলো—বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি) ও সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। এ আন্দোলনে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরাও যোগ দিয়েছেন।
শিক্ষকরা বলেন, পুলিশের সাব-ইন্সপেক্টর, সিনিয়র স্টাফ নার্স, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তারা দশম গ্রেডে বেতন পান, অথচ প্রাথমিকের শিক্ষকরা উচ্চতর ডিগ্রি নিয়েও বারবার বঞ্চিত হচ্ছেন।
পরিষদের পক্ষ থেকে সরকারের কাছে তিনটি মূল দাবি উত্থাপন করা হয়েছে: সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রদান, ১০ ও ১৬ বছরের চাকরির পর উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ, এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
শিক্ষকরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আন্দোলন প্রত্যাহার করবেন না।