গণভোটের সময়সূচি ও বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো একমত না হলে সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার (৩ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এসময় অন্য উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।
আসিফ নজরুল বলেন, “ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো দীর্ঘ ১৫ বছর ধরে আন্দোলন করেছে, নির্যাতনের শিকার হয়েছে এবং অনেক বিষয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়েছে। এখন তাদের কাছ থেকে আশা করি, তারা নিজেরাই বসে ঐকমত্যে পৌঁছে আমাদের একটি স্পষ্ট সিদ্ধান্ত জানাবে।”
তিনি আরও বলেন, “একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানো হয়েছে—আমরা এটিকে স্বাগত জানাই।”
এর আগে ঐকমত্য কমিশনের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে গণভোট আয়োজনের বিষয়ে সব দল একমত হলেও, সময়সূচি নিয়ে মতপার্থক্য দেখা দেয়। বিএনপি ও সমমনা দলগুলো চায় জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হোক, অন্যদিকে জামায়াত ও তাদের সহযোগী দলগুলো চায় নভেম্বরের মধ্যেই ভোট সম্পন্ন হোক।
এনসিপি জানায়, তারা সময়সূচি নিয়ে কোনো আপত্তি না থাকলেও সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণভোট নিশ্চিত করাকে বেশি গুরুত্ব দিচ্ছে।