আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন,
“বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা বলছেন। আমি পরিষ্কারভাবে বলতে চাই—উপদেষ্টা হিসেবে আমাদের কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। তবে ভয়াবহ রাষ্ট্রকাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট হওয়া এখন সময়ের দাবি।”
শনিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫’ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এ মন্তব্য করেন।
আইন উপদেষ্টা বলেন,
“আপনারা জানেন, এখন সেফ এক্সিট নিয়ে নানা আলোচনা চলছে। কিন্তু আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি—আমাদের কারও সেফ এক্সিটের প্রয়োজন নেই। আমরা গত ৫৫ বছরে যা দেখেছি—দুঃশাসন, বিচারবহির্ভূত হত্যা, ব্যাংক লুট, সাধারণ মানুষের আমানত আত্মসাৎ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পতন—এসব থেকে মুক্তিই হলো জাতির প্রকৃত সেফ এক্সিট।”
তিনি আরও বলেন,
“আমরা যে ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামোর মধ্যে বাস করছি—যেখানে অনিয়ম, দুর্নীতি ও অপরাধ প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে—সেখান থেকেই আমাদের বেরিয়ে আসতে হবে। জনগণের সেফ এক্সিটই আজকের সবচেয়ে বড় জাতীয় প্রয়োজন।”
সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি।