আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক বা স্থগিত রয়েছে, তারা কেউই দেশে বা প্রবাস থেকে ভোট দিতে পারবেন না।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “প্রবাসীদের ভোটের জন্য নিবন্ধন প্রক্রিয়ায় এনআইডি আবশ্যক। এনআইডি লক থাকলে নিবন্ধনের সুযোগ নেই। তাহলে তারা ভোট দেবেন কীভাবে?”
তিনি আরও জানান, মামলার কারণে বা অন্য কোনো কারণে বিদেশে অবস্থান করলেও এনআইডি সচল থাকলে ভোট দিতে কোনো অসুবিধা নেই। তবে এনআইডি লক থাকলে তারা নিবন্ধন করতে পারবেন না, ফলে ভোটও দিতে পারবেন না।
প্রথমবারের মতো দেশে প্রবাসীদের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করছে ইসি। এ জন্য ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে একটি অ্যাপ চালুর প্রক্রিয়া চলছে। প্রবাসীরা অনলাইনে নিবন্ধন করলে বিশেষ খামে ব্যালট পেপার পাঠানো হবে, যা ভোট প্রদানের পর দেশে ফেরত এনে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়া হবে।
ইসি সূত্রে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের এনআইডি স্থগিত করা হয়। তাদের মধ্যে রয়েছেন— শেখ হাসিনা, বোন রেহানা সিদ্দিক, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক ও তাদের মেয়ে বুশরা সিদ্দিক।
ইসি কর্মকর্তারা জানান, এনআইডি লক হলে তা ব্যবহার করা যায় না, ফলে ভোটাধিকারও কার্যত স্থগিত হয়ে যায়। এর আগে গত ১১ মার্চ আদালতের আদেশে শেখ হাসিনা, তার পরিবার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং আওয়ামী লীগের নামে খোলা ১২৪টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়।