২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশ শেষে শাহবাগে সড়ক পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (৩ আগস্ট) বিকেল থেকে শুরু হওয়া সমাবেশে দেশের নানা প্রান্ত থেকে আগত হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। সড়কেই অনেকে দুপুরের খাবার সারেন। ফলে সড়কের বিভিন্ন স্থানে পানির বোতল, খাবারের প্যাকেটসহ নানা ময়লা-আবর্জনা পড়ে থাকে।
কিন্তু ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে সন্ধ্যা সাড়ে ৬টার পর সমাবেশস্থল ও আশপাশের সড়কগুলো পরিষ্কার করতে দেখা যায় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের।
পরিষ্কার কাজে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, সমাবেশ শুরুর আগেই কেন্দ্রীয় ছাত্রদল থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল—সমাবেশ শেষে জায়গাটি পরিষ্কার করে যেতে হবে। সেই নির্দেশনা মেনেই তাঁরা কাজটি করেছেন।
কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালেহ মো. আদনান বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সমাবেশের কারণে কিছু আবর্জনা জমলেও তা আমাদেরই দায়িত্বে পরিষ্কার করা উচিত।” তিনি আরও বলেন, “আমরা চাই, শুধু সড়ক নয়—এই দেশ থেকেও দুর্নীতি, অনিয়ম, দখলদারিত্বের মতো সব ময়লা দূর হোক। আমরা গড়তে চাই একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি এ ধরনের সচেতনতা ও দায়িত্ববোধ ছাত্রদলের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে সহায়ক হবে।
সাধারণ পথচারীরাও প্রশংসা করেন এই উদ্যোগের। কেউ কেউ বলেন, “রাজনীতি মানেই শুধু স্লোগান নয়—এই ধরনের দায়িত্বশীল আচরণই রাজনীতিকে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তোলে।”