মধ্যরাতে জুলাই ঘোষণাপত্র নিয়ে স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার রাতে মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন,
“জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।”
অন্যদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুক আইডিতে সংক্ষিপ্তভাবে লিখেছেন,
“জুলাই ঘোষণাপত্র আসছে…”
ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। জাতীয় ঐকমত্য কমিশনের এই খসড়ার একটি কপি বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) পাঠানো হয়েছে মতামত জানার জন্য।
সরকারি দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, আগামী ৫ আগস্টের আগেই যেকোনো দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এই খসড়া প্রকাশ করবেন।