যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তিকে বাংলাদেশের জন্য এক অসাধারণ কূটনৈতিক বিজয় হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বাংলাদেশের শুল্ক আলোচক দলকে অভিনন্দন জানিয়ে বলেন,
“আমরা গর্বের সঙ্গে বাংলাদেশের শুল্ক আলোচক দলকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি অর্জনের জন্য অভিনন্দন জানাই—এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়।”
তিনি উল্লেখ করেন, শুল্ক হার প্রত্যাশিতের চেয়ে ১৭ পয়েন্ট কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনা বাংলাদেশের জন্য এক বড় সাফল্য এবং আলোচক দলের কৌশলগত দক্ষতার প্রমাণ। প্রফেসর ইউনূস বলেন, ফেব্রুয়ারি থেকে দলটি নিরলসভাবে কাজ করে শুল্ক, অশুল্ক বাধা ও জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত জটিল আলোচনাকে অতিক্রম করেছে। এই চুক্তি বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রেখেছে, বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকারের নতুন সুযোগ সৃষ্টি করেছে এবং মৌলিক জাতীয় স্বার্থ রক্ষা করেছে।
প্রধান উপদেষ্টা বলেন,
“এই অর্জন শুধু বাংলাদেশের বৈশ্বিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তিকে তুলে ধরে না, বরং আরও বৃহত্তর সুযোগ, দ্রুততর প্রবৃদ্ধি এবং স্থায়ী সমৃদ্ধির দরজাও উন্মোচন করে। বাংলাদেশের ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল। আজকের এই সাফল্য আমাদের জাতির দৃঢ়তা ও আরও শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যতের সাহসী দৃষ্টিভঙ্গির এক শক্তিশালী প্রমাণ।”