সিটি করপোরেশন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রতীক ব্যবহারের বিধান বাতিল করে নতুন আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াটি অনুমোদন পায়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং শেষে অধ্যাদেশটি কার্যকর করার জন্য পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
নতুন এই অধ্যাদেশ অনুযায়ী, ভবিষ্যতের সিটি করপোরেশন নির্বাচনগুলোতে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীক ব্যবহার করতে পারবেন না। এতে করে প্রার্থীদের স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এবং দলীয় পরিচয়ের বাইরে গিয়ে স্থানীয় নেতৃত্বের ভিত্তিতে মূল্যায়ন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সরকারের এই সিদ্ধান্তকে অনেকেই গণতন্ত্রের বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার ব্যবস্থাকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।
আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অধ্যাদেশটি কার্যকর হলে স্থানীয় সরকারের নির্বাচনী পরিবেশে বড় ধরনের পরিবর্তন আসবে, যেখানে ব্যক্তি পরিচিতি, জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা হবে বিজয়ের প্রধান মানদণ্ড।